আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য সরকারি অনুদান ও বিদেশি সাহায্য নির্ভর ৪২২ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৫৫ লাখ টাকা এবং সরকারি অনুদান ও বিদেশি সাহায্য নির্ভর উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৯৫ কোটি ৫ লাখ টাকা।

কেসিসি মেয়র মো. মনিরুজ্জামান মনি খুলনা নগর ভবনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় এ বাজেট ঘোষণা করেন।

সিটি মেয়র জানান, ২০১৪-১৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৪৮৫ কোটি টাকা। বাজেট সংশোধিত আকারে দাঁড়িয়েছে ২৭৪ কোটি টাকায়। বাজেট অর্জিত হয়েছে ৫৬ দশমিক ৫৩ শতাংশ।

তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটের মূল বৈশিষ্ট্য হচ্ছে- এই বাজেটে নতুন কোনো কর আরোপের প্রস্তাব রাখা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সকল স্থাপনার ওপর হালনাগাদ কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে। এটি একটি উন্নয়নমুখী বাজেট।’

বাজেট ঘোষণার পর মেয়র উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর মো. গাউসুল আজম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান ও রুমা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হান্নান বিশ্বাস, প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও বাজেট অফিসার কে এম মুশতাক আহমেদ প্রমুখ।

কেএইচ