রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১২ নম্বরে সোলেমান (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।   

রোববার রাত ১১টার দিকে মিরপুর ১২ নম্বরের শহীদবাগের কালাপানির বস্তির সামনে এ ঘটনা ঘটে।   

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয় কাসেম নামে এক ব্যক্তি।   

তিনি জানান, সোলেমানের বুকে, পেটে ও পিঠে ছুরি দিয়ে এলোপাতারি আঘাত করে সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।   

আহত ব্যক্তির স্ত্রী নাসিমা জানান, স্থানীয় কয়েকজন যুবক এ ঘটনা ঘটিয়েছে। তাদের নাম না জানলেও চেহারা পরিচিতি। পূর্ব শত্রুতার জের ধরে তারা এ ঘটনা ঘটিয়েছে বলেও দাবি করেন তিনি।   

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, এ রকম কোনো সংবাদ আমরা পাইনি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে।

এসএইচ