নড়াইলের লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসিন হাওলাদারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
নড়াইলের সহকারী পুলিশ সুপার মাসুম আহমদ ভূঁঞা শনিবার বিকাল ৫টার দিকে জানান, প্রশাসনিক বিভিন্ন কারণে এসআই মোহসিন হাওলাদারকে লোহাগড়া থানা থেকে নড়াগাতি থানায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এদিকে লোহাগড়া থানাসহ পুলিশের মাঝে গুঞ্জন রয়েছে, লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তার ফল ব্যবসায়ী বাচ্চু মিয়াকে ফরমালিনের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মোহসিনকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
আমে ফরমালিনের ভয় দেখিয়ে এসআই মোহসিন ২৮ জুন রাত ৯টার দিকে লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তার ফল ব্যবসায়ী বাচ্চু মিয়ার ফলের আড়তে হানা দেন। এ সময় কোনো ম্যাজিস্ট্রেট ছিলেন না। কোনো যন্ত্রপাতিও ছিল না।
এক পর্যায়ে এসআই মোহসিন ৫০ হাজার টাকা দাবি করেন। পরে পাশের ফল ব্যবসায়ীদের সহযোগিতায় ওই পুলিশ কর্মকর্তাকে ১০ হাজার টাকা দেয়ার কথা জানিয়েছেন ভূক্তভোগী ফল ব্যবসায়ী বাচ্চু মিয়া।
পাশের মিষ্টি দোকানী গৌউর রায়সহ অন্যরা জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন ধরে অবৈধ টাকা আদায় করে আসছেন। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





