মিরসরাইয়ের করেরহাট এলাকায় রেজাউল করিম (৩৭) নামের ওয়ারেন্টভুক্ত এক আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে গিয়ে জোরারগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই ) শাহ আলম আহত হয়েছেন।
উপজেলার করেরহাট ইউনিয়নে গত বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক বিপুল বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দত্ত বলেন, রেজাউলের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই রেজাউলকে গ্রেফতারের উদ্দেশ্যে থানার উপপরিদর্শক শাহ আলমের নেতৃত্বে রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি রেজাউলকে হ্যান্ডকাপ পরানো হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে বাধা দেয়ার চেষ্টা চালায়। এ সময় অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্য ও স্থানীয়দের হাতাহাতি হলে উপপরিদর্শক শাহ আলমকে আঘাত করে একপর্যায়ে হ্যান্ডকাপ নিয়ে আসামি রেজাউল পালিয়ে যায়। পরে আসামির মা ও এক মামাসহ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামি রেজাউলকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে। তবে আসামি রেজাউল দ্রুত থানায় আত্মসমর্পণ করলে আটককৃতদের ছেড়ে দেয়া হবে।
ইআর





