ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় যাত্রীবাহী নৈশ কোচে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে বাসটিতে যাত্রী সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

বাস যাত্রীরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সায়েম এন্টারপ্রাইজের নৈশ কোচটি রাত সাড়ে চারটার দিকে সাভারের গেন্ডা এলাকা অতিক্রম করার সময় হরতালকারীরা বাসটি লক্ষ্যে করে পেট্রল বোমা নিক্ষেপ করে।

এতে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা এসময় দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।

আগুনের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেএইচ