সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের নেয়া উদ্যোগ সন্তোষজনক নয় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিষয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে রানা দাশগুপ্ত এ অভিযোগ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ প্রসিকিউটর বলেন, এখনো সন্তুষ্ট হওয়ার মতো কোনো অবস্থা আমাদের কাছে মনে হয়নি। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সামগ্রিক সমস্যা বিবেচনায় যথাযথ কার্যকর উদ্যোগ গ্রহণ করুক। আমরা দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।

তিনি বলেন, অর্পিত সম্পত্তি নিয়ে তারা গভীর উদ্বেগ ও হতাশার মধ্যে আছেন। এর বাস্তবায়ন না হওয়ার জন্য একটি বিশেষ মহলের ষড়যন্ত্রকে দায়ী করেছেন তিনি।

এমআইএস