শিশু মৃত্যু হার ও মাতৃমৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ যেমন অভাবনীয় সাফল্য দেখিয়েছেন তেমনি প্রবীন স্বাস্থ্য সুরক্ষাতেও আমাদের দেশ সারা বিশ্বে রোল মডেল হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রোববার বিকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড আয়োজিত ‘প্রবীণ স্বাস্থ্য সুরক্ষা’বিষয়ে দেশব্যাপী প্রচারাভিযান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যেও স্মারক চিহ্ন হলো প্রবীণ জনগোষ্ঠী। তাদের যথাযথ মর্যাদা দিতে শেখ হাসিনার সরকার দৃঢ় সংকল্পবদ্ধ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার হেলথ কার্ড চালু করেছে। এর মাধ্যমে একজন নাগরিক বিনামূল্যে ৫০ ধরণের স্বাস্থ্য সেবা পাবে। এই হেলথ কার্ড প্রবীণ স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, আমাদের সকলের মধ্যে মানসিকতার পরিবর্তন আনতে হবে। প্রবীণদের প্রতি সমান ভালবাসা দেখানোর জন্য সমাজের সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: দ্বীন মোহাম্মদ নুরুল হক বলেন, প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা কেবল একটি স্বাস্থ্যগত সমস্যা নয়। এটি একটি সামাজিক সমস্যা।
তিনি বলেন, সব কিছু রাষ্ট্রের উপর ছেড়ে দিলে হবে না, প্রবীণদের দায়িত্ব প্রথমে নিতে হবে পরিবার ও তার সন্তানদের।
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীর বলেন, প্রবীণদের জন্য আন্ত:মন্ত্রনালয় সমন্বয় কমিটি করার সময় এসেছে। তিনি প্রবীণদের জন্য সমন্বিত স্বাস্থ্য কর্মসূচী গ্রহণের প্রস্তাব করেন।
উপস্থিত প্রতিবেদনে বলা হয়, বয়স্ক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড গত তিনমাসে ৪০টি জেলায় এবং ৮০টি উপজেলায় সচেতনতা মূলক সভা করেছে। পাঁচটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলে সচেতনতামূলক বার্তা টিভি স্ক্রল আকারে এক হাজার বারের বেশী প্রচারিত হয়েছে। এই প্রচারাভিযান ক্রিয়েটিভ মিডিয়া একটি প্রামান্য চিত্র নির্মাণ করে তা পাঁচটি টেলিভিশন প্রচার করেছে বলে অয়ন দেবনাথ তার প্রতিবেদনে উল্লেখ করেন। এছাড়াও টকশো এবং পত্রিকার রিপোর্টেও মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান শরীফা বেগম, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের প্রকল্প সমন্বায়ক মোস্তাফিজুর রহমান, প্রবীণ সমাজের প্রতিনিধি সৈয়দা রাহেলা বেগম এবং ঢাকা রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক রাজন আহমেদ প্রমুখ।
এআই





