বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের সঙ্গে এ দলটির কোনো সম্পর্ক নেই। তারা শুধুমাত্র বন্দুকের জোরে ক্ষমতায় বসে আছে।’

রোববার সৈয়দপুরে বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফকরুল বলেন, ‘বিএনপির সময় যে ক’জন জঙ্গিবাদীর উত্থান হয়েছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিচারও করা হয়েছে। অথচ শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের এক নেতার নিকট আত্মীয় ছিলেন।’

তিনি বলেন, ‘এই আওয়ামী লীগের আমলে পশ্চিমা কায়দায় জঙ্গিদের ছিনতাই করে নেয়া হয়েছে। এর আগে, আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে জোট বেঁধে তত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘জনগণের জন্য, গণতন্ত্রের জন্য ও সংবিধানের জন্য অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। বিএনপি গণসংযোগ করছে। খালেদা জিয়া সব জায়গায় যাচ্ছেন। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে। এখন আমরা আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন ছিল প্রহসন। এ নির্বাচনে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশকে করা হয়েছে অবজ্ঞা। ৫ জানুয়ারির নির্বাচন যে গ্রহণযোগ্য নয় তা ভারতের হাইকমিশনারও বলেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কথায়ও তা পরিস্কার হয়ে গেছে।’

জেআই