নড়াইলের দত্তপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকালে মাদক ব্যবসার অভিযোগে সজীব নামে একজনকে আটক করে পুলিশ। এ সময় তার সহযোগীরা হামলা চালিয়ে পুলিশের মোটরসাইকেল ভাঙচুরসহ পুলিশ কনস্টেবল বকতিয়ারকে মারধর করেছে। এ ঘটনার পর পুলিশ আনিছ শেখসহ তিনজনকে আটক করেছে।

এলাকাবাসী জানান, বিকেল সাড়ে তিনটার দিকে নড়াইল সদর থানার এএসআই শাহ আলম দত্তপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ওলিয়ার রহমান ওরফে আলতাফ হোসেনের ছেলে সজীব শেখকে (২৭) আটক করে। পরে সজীব শেখের সহযোগীদের চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হন।

ঘটনার পর নড়াইল থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য ওলিয়ার রহমানের ছেলে সুমন (৩২), রাজীব (৩০) ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সিদ্দিক শেখের ছেলে আনিছ শেখকে (৩২) আটক করে।

আটকের পর পুলিশ আনিছকে রাইফেলের বাঁট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। আহত আনিছ এ সময় পানি পান করতে চাইলেও তাকে তা দেয়া হয়নি। মারাত্মক আহত অবস্থায় আনিছ শেখকে (৩২) পুলিশ প্রহরায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়ারা উদ্ধার করতে পুলিশ দত্তপাড়া এলাকায় যায়। এ সময় ইয়াবা ব্যবসায়ীদের আটক করতে গেলে এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়। আটকরা ইয়াবা ব্যবসায়ী বলে তিনি জানান। আহত পুলিশ সদস্য বখতিয়ারকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আটক সুমন ও রাজীব জানিয়েছেন, তারা নির্দোষ। পুলিশ তাদের বাড়ি থেকে কোনো কারণ ছাড়াই আটক করেছে।

কেএইচ