রাজধানীর কামরাঙ্গীরচরের রসূলপুরে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ তৈরির দায়ে ১ নারীসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। এরপর তাদের প্রত্যেককে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শনিবার বিকালে আটকদের বিরুদ্ধে এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. নজরুল ইসলাম (৩৮), জিন্নাত রেহানা পারভীন (৪০) ও মো. আবুল হোসেন (২৫)। এদের মধ্যে নজরুল ঐ ভেজাল ওষুধ কারখানার ক্যামিস্ট, রেহানা হাকিম ও আবুল হোসেন মার্কেটিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানায় র‌্যাব।

আনিসুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরির অপরাধে ড্রাগ অ্যাক্ট ১৯৪০, ১৮ এর-২ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অভিযানের সময় ৬০ হাজার টাকা সমমূল্যের ভেজাল ওষুধ, ওষুধ তৈরির মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করে কারখানা সিলগালা করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে পশ্চিম রসূলপুরের রনি মার্কেটের পেছনে একটি ভেজাল ওষুধ তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব-২- এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইকবাল সফি জানান, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চলে। এ সময় ভেজাল ওষুধ তৈরির ৫টি মেশিন, বিভিন্ন সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়। এই চক্র ৩ বছর আগে রাজধানীর জিগাতলায় ধরা পড়েছিল। কামরাঙ্গীর চরে প্রায় ২ বছর ধরে তারা ভেজাল ওষুধের ব্যবসা করছিল।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ