পাবনার এক ব্যবসায়ীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম প্রণব সাহা (৪৫) বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
মঙ্গলবার চাটমোহরেরাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চাটমোহর পৌর সদরের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী প্রণব সাহাসহ তিনজন। তারা পৈলানপুর বটতলার কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা সাত/আট জন ছিনতাইকারী রশি দিয়ে পথরোধ করে। এসময় ছিনতাইকারীরাতিনজনকে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে বেদম মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রণব সাহাকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রণব সাহা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত বৈদ্যনাথ সাহার ছেলে এবং রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন। আহত দুই জন নিহতের দোকানের কর্মচারী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, হত্যার সঠিক কারণ উদঘাটন করা যায়নি। তবে পুলিশ ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার ও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





