জাতিসংঘের স্থানীয় সরকার কমিটির সদস্য, মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর মহাসচিব, নাটোরের সিংড়া পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র অধ্যাপক মোঃ শামিম আল রাজীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নাটোর জেলার সিংড়া পৌরসভার মেয়রকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে প্রকাশিত প্রজ্ঞাপন দেখে শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের নাটোরের উপ-পরিচালক সারোয়ার বারী।
জানা গেছে, চলতি আগস্ট মাসের ২৭ তারিখে স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত আদেশের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১০ সালে মেয়র শামিম আল রাজীর বিরুদ্ধে সিংড়া থানায় দায়ের করা তিনটি ফৌজদারি মামলার দাখিলকৃত চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আদেশপ্রাপ্তির তিনদিনের মধ্যে এক নম্বর প্যানেল মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য বলা হয়েছে।
মেয়র অধ্যাপক মোঃ শামিম আল রাজী এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিষয়টি নিয়ে তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন।
জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের হয়রানি করতে সরকার ইচ্ছে করে এসব কাজ করছে।
নাটোরের জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র হাতে না পেলেও বিষয়টি তিনি জেনেছেন।
এএইচ





