নিউইয়র্ক সিটি ব্রঙ্কসে প্রবাসী রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান (৪৬) সোমবার সন্ধ্যায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ১৯৯২ সালে তিনি অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন এবং নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করছিলেন। নিহতের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ। সিটি পুলিশ জাকির খানকে ছুরিকাঘাতের অভিযোগে তার বাড়ী মালিক এক মিশরীয়কে আটক করেছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে ব্রঙ্কসে তিনি ছুরিকাঘাতে গুরুতর আহত হন।দ্রুত স্থানীয় জ্যাকবী হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা ছুরিকাঘাত করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
একাধিক সূত্র জানায়, ব্রঙ্কসে তিনি যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার মালিকের সাথে বাসার ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিলো। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়িয়েছিলো। পুলিশ জাকির খান নিহত হওয়ার ঘটনা তদন্ত করছে।
তিনি দুই পুত্র ও এক কন্যা জনক।স্ত্রী ন্যান্সী খান সহ সন্তানরা ব্রঙ্কসে বসবাস করেন। জাকির খানের অকাল ও আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত জাকির খান এক সময় ব্যবসায় খুব ভালো করেন এবং মূলধারার মিডিয়ার ব্যবসা-বাণিজ্য বিভাগের শিরোনাম হন। তাকে ব্রঙ্কসের ‘কিং অব রিয়েল এস্টেট’ আখ্যায়িত করাও হয়। নিউইয়র্কের রাজধানী আলবেনীর ক্যাপিটাল হলে ‘বাংলাদেশ ডে পালন’-এর অন্যতম উদ্যোক্তা ও সংগঠক ছিলেন জাকির খান। এছাড়াও কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে তার সক্রিয় পদচারনা ছিলো।
সালাহউদ্দিন/নাজিব





