কুষ্টিয়ার দৌলতপুরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সেলিম (৪০) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি এলজি শাটার গান, এক রাউন্ড গুলি ও কিছু সরঞ্জাম জব্দ করে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আদাবাড়ীয়া-শিয়ালিয়া মাঠে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ সেখানে গিয়ে আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে।

এরপর সেলিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এমবি