হাতিয়ায় নির্বাচনী আচরনবিধি লংঘন করে নিজের স্ত্রীর পক্ষে ভোট চাওয়ায় এলজিইডি কর্মকর্তা শরীফুল ইসলামকে শোকজ করেছে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের রিটার্নিং অফিসার তৌহিদুল ইসলাম।

হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী জিনাত আরা শিউলীর পক্ষে  মোটরসাইকেল যোগে  সভা-সমাবেশ ও ভোট প্রার্থনা করেছেন প্রার্থীর স্বামী উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী মোঃ শরীফুল ইসলাম।

এ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এলজিইডি কর্মকর্তা শরীফুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার শোকজ করেছে জাহাজমারা ইউনিয়নের রিটার্নিং অফিসার তৌহিদুল ইসলাম।

জানা যায়, নির্বাচনে অপর প্রার্থী রোকসানা বেগম ও ফাহিমা আক্তার, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রধান নির্বাচন কমিশনারের নিকট অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তারা অভিযোগে উল্লেখ করেন, তিনি তার স্ত্রীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছেন। প্রার্থী জিনাত আরা শিউলিকে মাইক মার্কায় ভোট দিলে তিনি সরকারী টাকা বরাদ্দের মাধ্যমে রাস্তাঘাট ও স্কুল নির্মাণ করে দেবেন।

এবিষয়ে জাহাজমারা ইউনিয়নের রিটার্নিং অফিসার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্ত্রীর পক্ষে ভোট চাওয়া ওই সরকারী প্রকৌশলীকে শোকজ করা হয়েছে। তদন্তপূর্বক আরো ব্যবস্থা নেওয়া হবে।

 

এমআইএস।