হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির হাবিবুর রহমান (৭০) ও তার ছেলে সাইদুর রহমানকে (৩০) নারী নির্যাতন মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় উপজেলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আজমিরীগঞ্জ পৌরসভার সমীপুর এলাকার বাসিন্দা বলে জানান আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর বখত চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা হাবিবুর রহমানের ছেলে সাইদুর রহমান ২০১৪ সালের ১৭ জানুয়ারি নরসিংদী জেলা সদরের হানিফ মিয়ার মেয়ে সুমাইয়া ইয়াসমিনকে (২২) বিয়ে করেন।বিয়ের ৬ মাস পরই ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে সুমাইয়াকে বাবার বাড়ি পাঠিয়ে দেন সাইদুর রহমান।
এ ঘটনায় ২০১৫ সালের ২৮ জুলাই সুমাইয়া ইয়াসমিন বাদী হয়ে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামায়াত নেতা হাবিবুর রহমান, তার স্ত্রী হনুফা বেগম ও ছেলে সাইদুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন।
ওই মামলার পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরসহ পুলিশ সদস্যরা হাবিবুর রহমান ও তার ছেলে সাইদুর রহমানকে গ্রেফতার করে।
এআর





