বরিশাল নগরীর কাশিপুরে এক কিশোরীকে অপহরণ করে বিয়ের জন্য চাপ প্রয়োগ করার ঘটনায় অপহরণকারী ছেলে ও তার বাবাকে আটক করছে বিমানবন্দর থানা পুলিশ।
শনিবার ভোরে কাশিপুরের নিজ বাসা থেকে ছেলে নাবিল (২৩) ও তার বাবা মাসুদ ভূঁইয়াকে (৫৫) আটক করে পুলিশ।
পরে এ বিষয়ে বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হয়।
প্রেসি ব্রিফিংয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুজ্জামান জানান, নগরীর কাশিপুর এলাকার এক ভাড়াটিয়ার মেয়ে কাশিপুর স্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে (১৪) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার বাসিন্দা মাসুদ ভূঁইয়ার ছেলে নাবিল।
কয়েকদিন আগে নাবিল ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব ও আংটি দিয়ে আসে। কিন্তু মেয়ের পরিবার রাজি না হওয়ায় ২৫ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে নাবিল তার সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে নিয়ে যায়।
পরে মেয়ের পরিবার থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই মেয়েকে উদ্ধার করে এবং শনিবার ভোরে নাবিল ও তার বাবাকে আটক করে।
ওসি জানান, ২০১৩ সালে একই এলাকার অপর একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে মেয়েটি রাজি না হওয়ায় তাকে কুপিয়ে জখম করে নাবিল। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও নাবিল পলাতক ছিলেন।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





