রাজধানীর আগারগাঁওয়ের পৃথক স্থান থেকে তিনটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। বুধবার রাতে চালানো অভিযানে অস্ত্রসহ মো. সোহাগ (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মারুফ হাসান জানান, পশ্চিম আগারগাঁও মিজান রোডের ১৪৭/৫ নম্বর বাসার সামনে কয়েকজন অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর সময় ধাওয়া করে সোহাগকে আটক করা হয়। তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এএসপি মারুফ আরও জানান, আটক সোহাগ দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার অস্ত্র সরবরাহ ও বিক্রি করতেন। এ জন্য আগে মোবাইলে অর্ডার দিতে হতো। আটক সোহাগ মূলত অস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করতেন। তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, পৃথক এক অভিযানে আগারগাঁও আদর্শ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিংয়ের পেছন থেকে একটি বিদেশি রিভলবার ও একটি দেশী পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানিয়েছেন।

কেএইচ