রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোডের মোড়ে কভার্ড ভ্যানের চাপায় এক আনসার সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার রাতের এই ঘটনায় নিহতের নাম শাহিন বলে তার বুকের নেমপ্লেটে লেখা বলে পুলিশ জানিয়েছে।
এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মাঈনুদ্দীন নামে কভার্ড ভ্যানের ওই চালককে আটক করেছে পুলিশ।
শাহীন নামে ওই আনসার সদস্য সহকর্মী শান্তনু মজমদারের সঙ্গে সাত রাস্তার মোড়ে বিজি প্রেসের সামনে টহলে ছিলেন।
শান্তনু বলেন, তারা সেখানে কভার্ড ভ্যান রাখতে বাধা দিলে চালক ও তার সহকারীর সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে শাহীনকে মারতে মারতে কভার্ড ভ্যানে তুলে নেওয়া হয়।
এর কয়েক মিনিটের মধ্যে রাত সোয়া ১১টার দিকে কয়েকশ গজ উত্তরে লাভ রোডের মোড়ে কভার্ড ভ্যানটির নিচে চাপা পড়ে শাহিন নিহত হন।
মানিক মিয়া নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, “গাড়ির সামনের দরজায় ওই আনসার সদস্য ঝুলছিলেন। খুব সম্ভবত তিনি রাস্তায় পড়ে গেলে ভ্যানটি তার মাথার ওপর দিয়ে চলে যায়।”
শাহিন নিহত হওয়ার পর স্থানীয়রা কভার্ড ভ্যানটি আটক করে। পরে পুলিশ এসে চালক মঈনুদ্দিনকে থানায় নিয়ে যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানুর রহমান বলেন, তারা আনসার সদস্যকে হত্যার অভিযোগের সত্যতা জানতে চেষ্টা চালাচ্ছেন।
খবর শুনে তেজগাঁও থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুল আলম থানায় গেছেন। নিহত শাহিন ঢাকা জেলা আনসার ব্যাটালিয়নের সদস্য বলে জানান তিনি।
এএইচ





