বিশৃঙ্খলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিস। মঙ্গলবার দুপুরে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সরওয়ার মোর্শেদ স্বাক্ষরিত চিঠি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে পাঠেনো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে অবস্থিত ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম হবে। এই কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য নিরাপত্তার প্রয়োজন।
এ ছাড়া চিঠিতে বলা হয়, রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে ৫ জনের বেশী প্রবেশ না করা, মিছিল, শো-ডাউন করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করে মিহির সরওয়ার মোর্শেদ বলেন, নির্বাচনী বিধি ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিএমপি কমিশনারকে এই চিঠি দেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ, যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ১০ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ২৮ এপ্রিল।
জেআই





