চলতি বছরের আগস্টের ৭ দিনেই ১ হাজার ৬৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জনই ঢাকার আর ঢাকার বাইরে ১০ জন।

শনিবার (০৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এইসব জানা যায়।

গত জুলাই মাসেই বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৯৭ জন রোগী ভর্তি আছে । এর মধ্যে ঢাকাতেই আছে ৯৫৮ জন, আর বাকি ৩৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৩১৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৩১২ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানটি এখনও মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যু ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।

এমবি