জয়পুরহাট শহর থেকে নিখোঁজ স্কুলছাত্রী রিতু পালের মরদেহ ভাসমান অবস্থায় যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর শ্মশানঘাট এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিতু পাল শহরের সবুজ নগর এলাকার বাসিন্দা পলিকাদোয়া মাদ্রাসার বিএসসি শিক্ষক বিশ্বজিৎ পালের মেয়ে। সে সদর থানা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্বজনরা জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো স্কুল যায় রিতু।
দুপুরের দিকে পাঁচবিবি শ্মশানঘাট এলাকায় রিতুর স্কুলব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় এক বাসিন্দা তার পরিবারকে বিষয়টি জানায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সদর থানায় জিডি করেন রিতুর বাবা।
পরে রাত ১১টার দিকে ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকার শ্মশানঘাটের কাছে স্কুলের পোশাক পরিহিত অবস্থায় রিতুর ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে ছাত্রীর গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে জানা যাবে, এটি হত্যা না আত্মহত্যা।
এসএম





