কুমিল্লায় সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান কামদা প্রসাদ সাহা।
শনিবার সন্ধ্যায় এ বিষয়ে নিশ্চিত করেছেন তিনি।
এদিকে ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ড ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের বিষয় নিয়ে আজ শনিবার দুপুরে পর্যালোচনা সভা করেছে। কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহার কক্ষে ওই সভা হয়। সভায় শিগগিরই প্রতিবেদন দেওয়ার জন্য বোর্ডের তিন সদস্যই একমত পোষণ করেন বলে জানা গেছে।
আজ সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে কামদা প্রসাদ সাহা বলেন, ‘দুপুরে আমার দপ্তরে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে পর্যালোচনা সভা হয়েছে। ওই সভায় সব বিষয় নিয়ে বোর্ডের সদস্যরা আলোচনা করেছেন। প্রাপ্ত তথ্য নিয়ে আমরা পর্যালোচনা করেছি। এখন পর্যন্ত আমরা ডিএনএ প্রতিবেদন পাইনি। এরপরও আমরা প্রতিবেদন দেওয়ার জন্য একমত হয়েছি। শিগগিরই প্রতিবেদন দেওয়া হবে।’
শিগগিরই বলতে কত দিনের মধ্যে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে কামদা প্রসাদ সাহা বলেন, ‘দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য কোনো দিনক্ষণ ঠিক করা হয়নি। আমরা প্রতিবেদনটা দিয়ে দেব।’
মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ওই সভা হয়। কামদা প্রসাদ সাহার সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান করুণা রানী কর্মকার ও ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক।
গত ২৮ মার্চ তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করে পুলিশ। আদালত কবর থেকে তনুর লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য আদেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২০ মার্চ রাতে তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের একটি ঝোপের মধ্যে পাওয়া যায়। ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন তনু।
এমআইএস/ওএফ





