বগুড়ায় টাকার বিনিময়ে মহাসড়কে অবৈধভাবে সিএনজি চালিত অটোরিক্শা চালানোর অনুমতি দেয়ার অভিযোগ উঠেছে থানার এক ওসির বিরুদ্ধে।
বাস ও মিনিবাস মালিক সমিতি সংবাদ সম্মেলনের মাধ্যমে শাজাহানপুর থানার ওসির বিরুদ্ধে এই অভিযোগ করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে এসব অবৈধ অটোরিক্শা বন্ধ না হলে মহাসড়ক অবরোধের হুমকিও দিয়েছে তারা।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে শেরপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ২০১৫ সালের ২৫ আগষ্ট যোগাযোগ মন্ত্রণালয় মহাসড়কে তিন চাকার সবধরনের যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। অথচ শাজাহানপুর থানার ওসি প্রতিটি সিএনজি চালিত অটোরিক্শা থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নিয়ে মহাসড়কে চলাচলের অনুমতি দিয়েছে।
এতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব তিন চাকার যান চলাচল বন্ধ না হলে সবধরনের বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে মহাসড়ক অবরোধ করা হবে। বিষয়টির দ্রুত সমাধানের জন্য বাস ও মিনিবাস মালিক সমিতি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, বাস মালিক সমিতির অভিযোগ সত্য নয়। পুলিশ মহাসড়কে এসব তিন চাকার যান চলাচলে সবসময়ই বাধা দিয়ে আসছে। তবে, পুলিশের জনবল স্বল্পতার কারণে সবসময় মহাসড়ক পাহারা দেয়া সম্ভব হয় না।
এমএম





