গাজীপুরের শ্রীপুরে হামিম স্পিনিং মিলে মাটিচাপায় ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে সোমবার রাতে তাদের মৃত্যু হয়।

এরআগে দুপুরে রফতানিমুখী শিল্কাপ-কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণের কাজ করার সময় গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে কারখানার ভিতরে মাটিতে চাপা পড়ে শ্রমিকরা আহত হন।

নিহতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার আপন (২৪) এবং একই এলাকার মুজিবুর রহমান (২৫)। আহতরা হলেন কুড়িগ্রামের আল ইমরান (৫৫) একই জেলার সাব্বির (২৫) এবং পঞ্চগড়ের ইমরান (২৫)।


বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানা পুলিশের ওসি জাবেদুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে হামীম স্পিনিং মিলের ভেতরে ইটিপি সম্প্রসারণের জন্য নির্মাণ কাজ চলছিল।

সোমবার দুপুরে প্রায় ৩৫ ফুট গভীর গর্তে বসে পাঁচ শ্রমিক রড বাঁধার কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে ওই গর্তের এক পাশের মাটি ধসে পড়ে। এতে সবাই মাটির নিচে চাপা পড়েন।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় আপন ও মুজিবুরের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় কারখানার মানব সম্পদ বিভাগের নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব) আব্দুল ওয়াদুদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি।

এএস