দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নওগাঁ জেলা আওয়ামী লীগের কাউন্সিল।প্রতি ৩ বছর পর পর কাউন্সিলের মাধ্যমে দলের নতুন কমিটি গঠনের নিয়ম থাকলেও তা হয়নি এই জেলায়।

বুধবার সকাল ১১টায় শহরের নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হবে এই কাউন্সিল। এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফজলে রাব্বি।

তিনি জানান, কাউন্সিল উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি উপস্থিত থাকবেন।

জানা গেছে, ২০০৫ সালে জেলা আওয়ামী লীগ কাউন্সিলের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে এ্যাডভোকেট ফজলে রাব্বি সভাপতি ও বর্তমান এমপি মো: আব্দুল মালেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আওয়ামী লীগের সাবেক সাধারণ আব্দুল জলিল মারা যাবার পর নওগাঁ সদর আসনের উপ-নির্বাচনে প্রার্থীতা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। নেতাকর্মীদের মাঝে দুটি গ্রুপ স্পষ্ট হয়ে ওঠে। এ সময় জলিল ভক্তদের অনেকেই প্রয়াত নেতার স্ত্রী রেহেনা জলিলের পক্ষ নিয়ে তাকে মনোনয়ন দিতে সমর্থন করেন।

তবে হঠাৎ করেই জেলা কমিটির কাউন্সিলের খবরে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝেও চাঙ্গা ভাব ফিরে এসেছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফজলে রাব্বি জানান, আজ কাউন্সিলে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।

তিনি বলেন, কোথাও দলের নেতাকর্মীদের মধ্যে আদর্শগত কোনো কোন্দল নেই। তবে ব্যক্তিস্বার্থ নিয়ে কারও কারও মধ্যে মৃদু কোন্দল থাকতে পারে।

ইআর