বুধবার সকালে হাপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক হাপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে চালকলের শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে শ্রমিকরা ছুটোছুটি শুরু করেন।
ধোঁয়া কিছুটা কমে আসার পর অন্য শ্রমিকরা চাতালে আব্দুল খালেককে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বিস্ফোরণে আহত আরও চার শ্রমিক নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সময় সেখানে কাজ করছিলেন নারী শ্রমিক হামিদা বেগম। তিনি বলেন, হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণের পর চারপাশ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। পরে ফিরে এসে খালেককে মাটিতে পড়ে থাকতে দেখেন।
তিনি আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের কাজ করতে হয়। চাতালগুলোতে শ্রমিকদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। নিরাপদ পরিবেশে কাজ করার দাবি জানান তিনি।
নওগাঁ সদর মডেল থানার এসআই রেজাউল করিম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত শেষ হলে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস











