যৌক্তিক কোনো কারণ ছাড়াই বন্দর নগরী চট্টগ্রামে বেড়ে গেছে সব রকম সবজির দাম। ৫০ টাকার কমে মিলছে না কোনো সবজি। আর এ অগ্নিমূল্যের কারণে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম ১০ থেকে ৩০ টাকা বেড়ে গেলেও এর কোন কারণ খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ পর্যাপ্ত না থাকায় এ অবস্থা।

মঙ্গলবার সকালে নগরীর বহদ্দারহাট ও চকবাজারের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজির এ বাড়তি দামে হা-হুতাশ করছেন ক্ষুব্ধ ক্রেতারা।

বহদ্দারহাটের সবজি দোকানি আনোয়ার হোসেন জানান, বর্তমানে বাজারে প্রতি কেজি ফুলকপি ১০০, ঢেঁড়শ ৫০, বরবটি ৫০/৬০, চিচিংগা ৫০, শিম ৮০/৯০, কাঁচা মরিচ ১২০, গাজর (চায়না) ১০০, টমেটো ১০০ টাকা, বেগুন ৬০/৭০ এবং আলু ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ধনেপাতা ১৫০ টাকা প্রতি আঁটি লাল শাক বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।

চকবাজারে সবজি কিনতে আসা চাকরিজীবী ইলিয়াস তালুকদার জানান, সবজির দামে আমরা দিশেহারা। ৫০ টাকার কমে বাজারে কোন সবজিই মিলছে না। ইচ্ছেমতো দাম হাঁকিয়ে ক্রেতাদের পকেট লুটে নিচ্ছেন বিক্রেতারা।

এদিকে বিক্রেতারা বলছেন, এই বাড়তি দামে তাদের কোন হাত নেই। পাইকারী বাজারে মূল্যবৃদ্ধির কারণে খুচরা বাজারেও দাম বেড়েছে। খুচরা বিক্রেতারা প্রতি কেজি সবজিতে ৪/৫ টাকার বেশি মুনাফা করছেন না বলেও দাবি করেন তারা।

তবে নগরীর রেয়াজউদ্দিন বাজারের পাইকারি সবজি বাজারে দাম যাচাই করতে গিয়ে খুচরা ও পাইকারী বাজারে দামের পার্থক্য লক্ষ্য করা যায়। পাইকারি বাজারের ৭০ টাকার কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা। একইভাবে ৮০ টাকার টমেটো ১০০ এবং ৯০ টাকার ধনেপাতা বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। দামের এই তারতম্যের পেছনে সরকারের তদারকির অভাবকে দায়ী করে কার্যকর পদক্ষেপ চাইলেন সাধারণ ভোক্তারা।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই