মানিকগঞ্জ সদর উপজেলার নুলন্ডী গ্রামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সজিব হোসেন ওরফে সবজেল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সবজেল ওই গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
শুক্রবার সকাল ১০ টার দিকে পুলিশ তাকে ওই গ্রাম থেকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই স্কুলছাত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এসময় প্রতিবেশী সবজেল ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করে পাশের একটি নির্জন ভিটায় নিয়ে যায়। অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে সবজেল তাকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে ধর্ষণ করে। এসময় সবেজেল মোবাইলে কথা বলতে থাকলে সে পালিয়ে বাড়ি চলে আসে। মেয়েটি তার বাবা মাকে বিষয়টি জানালে স্থানীয়রা সবজেলকে আটক করে।
পরে তাকে সারা রাত আটকে রাখার পর স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা সকালে পুলিশের হাতে তুলে দেয়।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আমিনুর রহমান জানান, নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন।
জেআই





