কুকুর হারিয়ে যাওয়ায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিভাগের ছাত্র সোপান সরকার।
রোববার বিকালে জিডিটি করা হয়। জিডি নম্বর-১৬৯৮। জিডি’র সঙ্গে সোপান সরকার কুকুরের একটি ছবিও সংযুক্ত করেছেন।
সোপান সরকার এশিয়ান পেপার মিলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মুকুল সরকারের ছেলে। তাদের বাসা আলকরণ দুই নম্বর গলিতে জে আর হাইচ ভবনের চতুর্থ তলায়।
সোপান জানান, সাড়ে তিন মাস আগে লাব্রাডোর প্রজাতির একটি বিদেশি কুকুর তার এক আত্মীয়ের কাছ থেকে তিনি লালন পালনের জন্য নেন। কিন্তু গত ২৩ এপ্রিল সন্ধ্যার দিকে কুকুরটি তাদের বাসা থেকে বের হয়ে যায়। অন্যান্য সময়ে কুকুরটি বের হয়ে আবারও বাসায় ফিরে এলেও ওইদিন থেকে এ পর্যন্ত কুকুরটি ফিরে আসেনি।
কুকুরটিকে আদর করে সোপান সরকার ডাকতেন ‘দেবু’নামে। আর তাদের পরিবারের লোকজন ডাকতেন ‘ব্রেভো‘নামে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, কুকুরটির বয়স আনুমানিক দেড় বছর। কুকুরটির উচ্চতা দেড় ফুট, লম্বায় তিন ফুট এবং কান ভাঙ্গা। কুকুরটির গায়ের রং সোনালী, ঘাড় ও গলার নীচে সাদা। সামনের দুই পায়ের হাঁটুতে ক্ষত দাগ আছে।
এ বিষয় সোপান জানিয়েছেন, কুকুরটি কেউ আটকে রাখতে পারে। এজন্য আমি থানায় জিডি করেছি।
ঢাকা, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





