চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের গাজী বাড়িতে শনিবার বিকেলে মারা যায় দুই শিশু। এর আগে দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুরে মারা যায় এক শিশু।

কালোচোঁ উত্তর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে মৃত দুই স্কুল ছাত্র গাজীবাড়ির আলী আশরাফের ছেলে রবিউল (৬) ও একই বাড়ির প্রবাসী জয়নালের ছেলে মারুফ হোসেন (৬)। তারা দুজনেই মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর বাড়ির পুকুরঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে পানিতে শিশুদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকেরা। দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ফরিদগঞ্জের সুবিদপুর গ্রামে টুটুল চৌধুরীর ছেলে আড়াই বছরের শিশু পুত্র মুন্না সবার অজান্তে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।

এএইচ