টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সুশাসন; আদেশ দিয়ে কিংবা দুর্ব্যবহার করে নয় অংশীদারিত্বের ভিত্তিতে কর্মসম্পদান করতে হবে এবং সকল পর্যায়ে প্রজাতন্ত্রের মালিক জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা’বাস্তবায়নে সরকারি-বেসরকারি স্টেক হোল্ডারদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রায়ই দেখা যাচ্ছে, সরকারি কর্মকর্তারা ‘সদয় সিদ্ধান্ত দেয়ার জন্য উপস্থাপন করা হলো’নোট দিয়ে ফাইল উপরে পাঠিয়ে দিচ্ছেন। এভাবে যেতে যেতে সমস্ত সিদ্ধান্ত দেওয়ার ভার একজনের উপর অর্থাৎ, প্রধানমন্ত্রীর উপর এসে পড়ে। এতে প্রধানমন্ত্রীর উপর মাত্রাতিরিক্ত চাপের সৃষ্টি হয়, অন্যদিকে উন্নয়নসহ স প্রশাসনের সব কার্যক্রমে স্থবিরতা নেমে আসবে। প্রশাসনকে এ বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন,সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল সিদ্ধান্ত দেয়ার মানসিকতা ও দক্ষতা অর্জন করতে হবে বলে। অতিরিক্ত সচিব মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. এর ভারপ্রাপ্ত এমডি আসাদুজ্জামানসহ মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা।
এআই





