ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে রোববার দুপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীসহ তিনজন নিহত হয়েছেন। কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল আহম্মেদ জানান, রোববার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-২১-৬৫) কুমিল্লা যাচ্ছিল। পথে মেঘনা সেতুর উপরে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ভ ১৪-৪৬-৭৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রবাসী মহসিন (৪০) ও তার বোনজামাই আবু তালেব (৫৫) নিহত হন। এছাড়া সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মাইক্রোবাসের চালক আবুল হোসেন মারা যান।

নিহতদের মধ্যে মহসিনের বাড়ি কুমিল্লার মেঘনা থানায় চেঙ্গাকান্দি গ্রামে, তালেবের বাড়ি একই উপজেলার বড়নগর গ্রামে এবং চালক আবুল হোসেন ঢাকার দক্ষিনখাঁন এলাকায় ভাড়া থাকতেন।

ঢাকা,২৮ জুলাই,টাইমনিউজবিডি.কম,কেএ