ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর ইন্টারনেটে ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় পল্লব চৌধুরী (২০) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে সরাইল বিশ্বরোড এলাকা থেকে নাসিরনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বখাটে পল্লব কুলিকুণ্ডা গ্রামের কামরুল ইসলাম চৌধুরীর ছেলে।
নাসিরনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল কাদের জানান, বখাটে পল্লব ও তার পাঁচ সহযোগী ২০১৪ সালের ২৪ ডিসেম্বর এক ছাত্রীকে বিদ্যালয়ের কক্ষে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হয়নি।
ঘটনার চার মাস পর, ওই বখাটে মোবাইল ফোনে ওই ছাত্রীর বাবার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এর কিছুদিন পর তিনি ভিডিও চিত্রটি ইউটিউবে ছড়িয়ে দেন।
এ ঘটনায় মেয়েটির বাবা চলতি বছরের ২২ এপ্রিল পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পল্লবকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ।
কেএইচ





