বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটবাইক সংঘর্ষে এক সেনা সদস্য ও তার এক শিশুপুত্র নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত তার স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (বগুড়া) চিকিৎসাধীন রয়েছেন।
আজ (শনিবার) দুপুর আড়াইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার টিএমএসএস ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনা সদস্য মো. নজরুল ইসলাম ও তার সাড়ে তিন বছরের শিশুপুত্র রফিউল ইসলাম নাফি। নজরুল ইসলাম মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরে তার বাড়ি।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন রশিদ চৌধুরী হতাহতদের পরিচয় নিশ্চিত করেন।
তিনি আরো জানান, পরিবার নিয়ে মোটরবাইকে করে মো. নজরুল ইসলাম বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় উল্লেখিত স্থানে পৌঁছালে ঢাকাগামী এসআর ট্রাভেলসের দূরত্ব গতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। নজরুলের স্ত্রী নিগার সুলতানা হীরাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে মহাসড়কের শেরপুর এলাকা থেকে পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
এএস





