মাগুরা জেলার মুহাম্মাদপুর উপজেলার বিনোদপুর ই্উনিয়নে আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষের সমর্থকদের মাঝে বুধবার দিনভর সংঘর্ষেও ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এসময় ৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৬ জন কে গ্রেফতার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
মুহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বিনোদপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বাহাজ উদ্দীন ও অপর নেতা নূর আলমের মধ্যে স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিলো।
গতকাল সকালে তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধওয়া শুরু হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে কলিম উদ্দীন, আলীম উদ্দীন, আরব আলী, মশিয়ার রহমান ও ফসিয়ার রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে মুহাম্মদপুর থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
এমএনজে





