যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে।

ঢাকা-বেনাপোল মহাসড়কে ঝিকরগাছার গদখালীর কাছে রজনীগন্ধা পেট্রোল পাম্পের পাশে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ওই স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।

পরে হাসপাতালে নেওয়ার পথে এবং ভর্তি করানোর পরে আরও চারজন মারা যান।

ঝিকরগাছা থানায় ছয়জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃতদেহ রয়েছে।

ঝিকরগাছা থানার ওসি মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ০১ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস