‘দেশের প্রবৃদ্ধি বাড়াতে পুরুষের পাশাপাশি ৫০ ভাগ নারী শক্তিকে কাজে লাগাতে হবে’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই নারীদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা সম্ভব।

চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুর ড. মুহাম্মদ মনসুরউদ্দীন মহিলা কলেজের কৃতী ছাত্রী সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন অর্থমন্ত্রী।

‘শিক্ষা অত্যন্ত মৌলিক বিষয়, যা উন্নয়নের পূর্বশর্ত’ উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘শিক্ষাই সবকিছুকে এগিয়ে নিতে পারে। বর্তমানে দেশের প্রবৃদ্ধির হার ছয় শতাংশের বেশি। এ প্রবৃদ্ধির হার ৮-১০ শতাংশে উন্নীত করতে হলে পুরুষের পাশাপাশি দেশের ৫০ ভাগ নারীকে কাজে লাগাতে হবে। নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে যেতে হবে।’

জিএসপি সুবিধা স্থগিত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘জিএসপি (অগ্রাধিকারমূলক বাজার সুবিধা) বন্ধ থাকায় পণ্য রফতানিতে কোনো সমস্যা হয়নি। ইতোমধ্যে জিএসপি পেতে সব ধরনের শর্ত পূরণ করা হয়েছে। আশা করছি, আগামী বছরের মধ্যে আমরা জিএসপি সুবিধা পাব। যদি না পাই তবে রাজনৈতিক ষড়যন্ত্রই হবে এর একমাত্র কারণ।’

তিনি বলেন, ‘জিএসপি সুবিধা বাতিল করলেও আমরা সাত বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছি। আমেরিকায় আমাদের পণ্যের বাজার উন্মুক্ত রয়েছে।’

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশকে একটি সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। গ্রাম আজ শহরে রূপান্তরিত হচ্ছে। দেশের বিদ্যুৎ খাত, বৈদেশিক রিজার্ভ ও পোশাক খাতে ব্যাপক উন্নতি ঘটেছে।

বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও রেলমন্ত্রী মুজিবুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই