রাজশাহীর পবা উপজেলার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের জমি থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকালে স্থানীয়রা বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের জমিতে নবজাতককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ। এরপর আনুমানিক ১৫দিন বয়সী শিশুটিকে শাহ মখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয় বলে জানান তিনি।

ওসি জানান, নবজাতকের বাবা-মায়ের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। কারা সেখানে শিশুটিকে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসএইচ