ভ্যাট প্রত্যাহার দাবিতে হামদার্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনারগাঁওয়ের মেঘনা নিউ টাউন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন।
মেঘনা নিউ টাউন শপিং কমপ্লেক্সে অবস্থিত হামদার্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার সকালে মহাসড়ক অবরোধ করে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুদিকে প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ করেছে সরকার, যা আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে বহন করা অসম্ভব। ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সকালে হামদার্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল পূনরায় স্বাভাবিক হয়।
জেআই





