কক্সবাজার শহরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম প্রকাশ মিসকিনকে (৪২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

শুক্রবার রাত ১১টার দিকে শহরের টেকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

১৯৯৭ সালের সাহিত্যিকা পল্লীর বাসিন্দা কক্সবাজার সিটি কলেজের ছাত্রলীগ নেতা মো. নুরকে কলেজের সামনে থেকে অপহরণ করে টেকপাড়ার হিন্দুপাড়ায় নিয়ে ধারালো অস্ত্র ‍দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকে মিসকিন পলাতক ছিলেন।

ওই মামলায় কক্সবাজার জেলা জজ আদালত প্রায় পাঁচ বছর আগে মিসকিনকে যাবজ্জীবন সাজা দেন।

কক্সবাজার ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, হত্যাকাণ্ড ঘটিয়েই আসামি মিসকিন বিদেশ পাড়ি জমান।

তিনি বিদেশ থাকা অবস্থায় ওই মামলার রায় হয়। সম্প্রীতি তিনি দেশে ফিরে এসেছেন নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসএইচ