দিনাজপুরের হিলিতে মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রা। তাপমাত্রা বাড়লেও বৃষ্টির কারণে শীতের প্রকোপ রয়েই গেছে। বৃষ্টির কারণে অনেকেই কাজে যেতে পারছে না। দুর্ভোগ পোহাতে হচ্ছে অসহায় নিম্ন আয়ের মানুষদের।
আব্দুর রহমান নামে এক রিকশাচালক জানান, বৃষ্টি এবং শীতকে উপেক্ষা করে আমি রিকশা নিয়ে বের হয়েছি। কিন্তু বৃষ্টির জন্য অনেক মানুষ বের হচ্ছে না, এক টাকাও ইনকাম হয়নি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫-৭ কিলোমিটার।
তিনি আরও জানান, দিনাজপুর, সৈয়দপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, খুলনা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে বা হচ্ছে। দিনাজপুরে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ৭ দশমিক ২ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এমআর





