জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল (জাবি)'র প্রাণিবিদ্যা বিভাগের বণ্যপ্রাণী শাখার আয়োজনে 'Capacity Building to Conserve the Otters of Bangladesh'শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বণ্যপ্রাণী সংরক্ষণে মানুষকে দায়িত্ব হওয়ার আহ্বান জানানো হয়।

আজ রবিবার   সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালা উদ্বোধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে অনেক বণ্যপ্রাণী হিমশিম খাচ্ছে। কোনো কোনো বণ্যপ্রাণী আজ বিলুপ্তির পথে। প্রকৃতিকে বণ্যপ্রাণীর বাসযোগ্য করার দায়িত্ব মানুষের। বণ্যপ্রাণী সংরক্ষণে মানুষকেই দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন,  যুক্তরাজ্যের আন্তর্জাতিক ভোঁদর সংরক্ষণ ফান্ডের প্রধান ড. পল ইয়ক্সন (Dr. Paul Yoxon), আইইউসিএন, বাংলাদেশস্থ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মশালার সমন্বয়কারী অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. সাজেদা বেগম।

কর্মশালার অংশ হিসেবে আগামীকাল ০৮ ডিসেম্বর নড়াইলে এবং ৯-১২ ডিসেম্বর সুন্দরবনে ফিল্ড ভিজিট প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ প্রশিক্ষণ কর্মশালার বিস্তারিত বিষয় গণমাধ্যম প্রতিনিধিদের অবহিত করেন।

প্রেস ব্রিফিং-এ ড. মোস্তফা ফিরোজ বলেন, বর্তমানে বিলুপ্ত প্রায় বণ্যপ্রাণীর মধ্যে ভোঁদর একটি। পৃথিবীতে ৫ প্রজাতির ভোঁদর রয়েছে। এরমধ্যে বাংলাদেশে রয়েছেতিন প্রজাতির ভোঁদর। নড়াইল, খুলনা, সিলেট এবং পাবর্ত্য অঞ্চলে ভোঁদর লক্ষ করা যায়। তিনি বলেন, ভোঁদর জীব-জগতের অপরিহার্য অংশ।

বাংলাদেশে নড়াইলে চিত্রা নদীর পাড়ের জেলে সম্প্রদায় বিগত তিন শ বছর ধরে ভোঁদরের সাহায্যে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছে।

ভোঁদরের আয়ুষ্কাল ২০ বছর। এরা বছরে একবার তিন থেকে চারটি বাচ্চা প্রসব করে।

ড. মোস্তফা ফিরোজ বলেন, উপযোগী পরিবেশ নিশ্চিত করা হলে ভোঁদর দেশের যে কোনো স্থানে প্রজনন ঘটাতে পারে।

জাবির প্রাণিবিদ্যা বিভাগের বণ্যপ্রাণী শাখার ব্যবস্থাপনায় ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোঁদরের প্রজনন পরীক্ষা সফল হয়েছে।

মানুষের ভেতর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও বাংলাদেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এমকে