জেলার সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের হামিদপুর বানার গ্রামে রবিবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ৪ জন গৃহবধূ আহত হয়েছেন।

আহতরা হলেন-শিউলী বেগম (৩৬), মাফুজা আক্তার (৩২), রাশেদা বেগম (৫০) ও জিনাতআরা বেগম (২০)। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, হামিদপুর বানার গ্রামের দেলোয়ার, ফজলুল হক ও করিমের সাথে প্রতিবেশী মোমিন স্বপনদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকাল ১০টার দিকে মোমিন, স্বপন, সোহাগ, আলম, দুদু, শহিদুল বিরোধপুর্ণ জমি দখলে নিতে যায়।

এ সময় দেলোয়ারের বসতবাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা বসতঘর ভাঙচুর, খড়ের পাল্লায় অগ্নিসংযোগ ও গৃহবধূদের পিটিয়ে আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

নোমানের আহত স্ত্রী জিনাত আরা অভিযোগ করে জানান, হামলাকারীরা ঘর থেকে আড়াই লাখ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র লুটে নিয়েছে।

স্বপন নামে হামলাকারীদের একজন জানান, দেলোয়ার ও তার ভাইয়েরা তাদের পৈত্রিক সূত্রে পাওয়া ২০ শতাংশ জমির উপর ঘর উঠিয়ে বসবাস করে আসছিল। আজ তাদের বসতঘর থেকে উচ্ছেদ করেছি। কিন্তু টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ সত্য নয়।

দেলোয়ার হোসেনের ভাই ফজলুল হক জানান, তারা ওই জমিতে প্রায় ৪০ বছর ধরে ঘরবাড়ি উঠিয়ে বসবাস করছি। এতদিন হামলাকারীরা জমি দাবি করেনি। অথচ গত এক বছর ধরে বলছে ওই জমি নাকি তাদের।

খবর পেয়ে জামালপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেআই