হরতালের যৌক্তিকতা নিয়ে মারামারি করে আহত হয়েছেন দুই আইনজীবী। এ সময় তাদের থামাতে গিয়ে আরও দুইজন আহত হয়েছেন।

আহত আইনজীবীরা হলেন- এ্যাডভোকেট মিন্টু কুমার পাল (৩৭) ও এ্যাডভোকেট মাসুদ ওবাইদুল্লা তারেক (৪২)।

দিনাজপুর আইনজীবী সমিতির সামনে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

তাদের ভিন্ন দুই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর দু’জন হলেন- স্থানীয় যুবক লতিফুর রহমান (২২) ও আসিফ (২৫)।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত এ্যাডভোকেট মিন্টু কুমার পাল সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ্যাডভোকেট মাসুদ ওবাইদুল্লা তারেক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।

তিনি আরও জানান, হরতালের প্রতিবাদে মঙ্গলবার সকালে আদালত পাড়ায় আওয়ামী আইনজীবী পরিষদ মিছিল বের করে। এর কিছুক্ষণ পর হরতালের সমর্থনে মিছিল বের করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুর দেড়টার দিকে হরতালের যৌক্তিকতা নিয়ে জেলা আইনজীবী সমিতির সামনে এ্যাডভোকেট মিন্টু কুমার পাল ও এ্যাডভোকেট মাসুদ ওবাইদুল্লা তারেকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ নিয়ে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যেও উত্তেজনা দেখা দেয়।

দুই আইনজীবীকে থামাতে গিয়ে আহত হন স্থানীয় লতিফুর রহমান (২২) ও আসিফ (২৫)। পরে আহত এ্যাডভোকেট মিন্টুকে দিনাজপুর জেনারেল হাসপাতাল এবং তারেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ্যাডভোকেট মিন্টু কুমার পাল মারামারি প্রসঙ্গে বলেন, ‘হরতালের যৌতিকতা নিয়ে কথা বলায় এ্যাডভোকেট মাসুদ ওবাইদুল্লা তারেক আমার ওপর হামলা চালায়।’

কিন্তু অভিযোগ অস্বীকার করে এ্যাডভোকেট মাসুদ ওবাইদুল্লা তারেক বলেন, ‘হরতালের পক্ষে মিছিল করায় এ্যাডভোকেট মিন্টু কুমার পাল আমার ওপর হামলা চালায়।’

জেএ