অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে অপহরণকারীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ও অপহরণকারীসহ চারজন আহত হয়েছেন। পরে দুই রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- অপহরণকারী ফেরদৌস রহমান ফিজু, বগুড়া সদর থানার ওসি আবুল বাসার, উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার ও কনস্টেবল সুজয়। এদের মধ্যে ফিজু ও সুজয়কে গুলিবিদ্ধ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক অপহরণকারী ফেরদৌস রহমান ফিজু বগুড়া জেলা সদরের এরুলিয়া বানদীঘি এলাকার জনাব আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

উদ্ধার হওয়া শিশুর নাম মাহিত (১৩)। শহরের ঠনঠনিয়া ওয়াই এম সি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মাহিত কাটনারপাড়ার মাছুদ রানার ছেলে।

অভিযানে অংশ নেওয়া এসআই আনোয়ার হোসেন জানান, ৮ এপ্রিল সন্ধ্যায় মাহিতকে অপহরণ করে অপহরণকারীরা। এরপর তারা বিভিন্ন সময়ে মোবাইল ফোনে কখনও তিন লাখ, কখনও দুই লাখসহ বিভিন্ন অংকের মুক্তিপণ দাবি করে।

মোবাইল ফোনের সূত্র ধরে রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও তিন রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। গুলি বিনিময়ের পর কনস্টেবল সুজয় ও অপহরণকারী ফিজু গুলিবিদ্ধ হন এবং ওসি আবুল বাসার ও এসআই আনোয়ার পড়ে গিয়ে আহত হন।

এআর