রাজধানীর মিরপুর ও রূপনগর থানা এলাকা থেকে দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাস্তা থেকে তাদের আটক করা হয়।
রূপনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) শিকদার মো. সামী হোসেন জানান, থানার শিয়ালবাড়ী এলাকায় কয়েকজন শিবিরকর্মী পিকেটিং করছিল। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের একজনকে আটক করে। তকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে এক অভিযোগে মিরপুর থানা এলাকা থেকে আরেক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সালাউদ্দিন জানান, আটক শিবিরকর্মীর জিজ্ঞাসাবাদ চলছে।
যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইনস সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়ায় বৃহস্পতিবার ও রোববার হরতাল ডেকেছে জামায়াত।
তবে বৃহস্পতিবার হরতালের শুরু পর এ পর্যন্ত রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাস্তায় প্রচুর গণপরিবহন চলতেও দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করে বিভিন্ন দোকানপাটও। গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়ছে না। তবে গণপরিবহন চলছে। মানুষের জীবনযাত্রাও স্বাভাবিক।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





