কালীগঞ্জের কাকিনায় দুলাল মিয়া (৩৫) নামে স্বেচ্ছাসেবকদলের এক নেতা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

বুধবার বিকাল ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুলাল মিয়া কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং রুদ্রেশ্বর গ্রামের সরবেশ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে দুলাল তার ইউনিয়নের রাজবাড়ি গ্রামের নুরুল মিয়ার ছেলে হেলালের কাছে পাওনা টাকা চাইতে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হেলাল ও তার সহযোগিরা দুলালের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় দুলালকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন বলেন, মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ