দেশে মাদকসেবীর পেছনে বছরে ব্যয় ৯০ হাজার ৮০ কোটি টাকা। আর বাংলাদেশে বছরে শুধু ইয়াবা বিক্রি হয় ৪০ কোটির মতো। এই ইয়াবা সেবনকারীর মধ্যে ৪৩ শতাংশ নারী বলে জানিয়েছেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী।

তিনি জানান, একজন মাদকাসক্ত ব্যক্তির মাদক সেবনে বছরে খরচ হয় ৫৬ হাজার ৫৬০ টাকা থেকে ৯০ হাজার ৮০০ টাকা। সে হিসাবে ১ কোটি মাদকসেবীর পেছনে বছরে ব্যয় ৫৬ হাজার ৫৬০ কোটি টাকা থেকে ৯০ হাজার ৮০ কোটি টাকা।

এছাড়া ইয়াবা আসার পর দেশে মাদকের বিস্তার ভয়াবহ আকারে বেড়ে গেছে জানিয়ে অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী বলেন, বাংলাদেশে বছরে শুধু ইয়াবা বিক্রি হয় ৪০ কোটির মতো। যার বাজারমূল্য প্রায় ৬ হাজার কোটি টাকা। এই ইয়াবা সেবনকারীর মধ্যে ৪৩ শতাংশ নারী।

অধ্যাপক অরুপ রতন বলেন, সরকারি হিসাব অনুযায়ী মাদক ব্যবসায় জড়িত আছে ২০০ গডফাদার ও ১ লাখ ৬৫ হাজার বিক্রির নেটওয়ার্ক। এদের মাধ্যমে মাদক খাতে বছরে লেনদেন হয় ৬০ হাজার কোটি টাকা। আর বেশ কিছু সংস্থার তথ্যানুযায়ী অবৈধ মাদক আমদানিতে প্রতি বছর বিদেশে পাচার হচ্ছে ১০ হাজার কোটির টাকার বেশি।

এই চিকিৎসকের মতে, ইয়াবা আসক্তের শতকরা ৯০ ভাগ কিশোর-তরুণ। ৪৫ শতাংশ বেকার। ৬৫ শতাংশ আন্ডার গ্র্যাজুয়েট এবং উচ্চ শিক্ষিতের সংখ্যা ১৫ শতাংশ। এছাড়া ১৫ বছরের বেশি বয়সের মাদকসেবী আছে ৬৫.২৫ শতাংশ। অর্থাৎ ৪৮ লাখ ৯৩ হাজার ৭৫০ জন তরুণ যুবকের প্রতি ১৭ জনে একজন মাদকাসক্ত।

বাংলাদেশের মাদক পরিস্থিতি নিয়ে জাতিসঙ্ঘের প্রকাশিত প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, বিত্তশালী ব্যক্তি থেকে শুরু করে নারী ও শিশু-কিশোরদের প্রায় সাড়ে তিন লাখ মানুষ নানাভাবে মাদক ব্যবসায় জড়িত। এদের মধ্যে ৮৪ শতাংশ পুরুষ, ১৬ শতাংশ নারী।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদ বলেন, এমনিতেই দেশে নানান অর্থনৈতিক সঙ্কট রয়েছে। যার কারণে বিভিন্নভাবে আমরা পিছিয়ে রয়েছি। তার মধ্যে মাদকের বিষয়টি খুবই উদ্বেগের। এতে যেমন আমাদের একটি শ্রেণী দিন দিন নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তেমনি অর্থনৈতিকভাবেও আমরা প্রতিদিন ভয়াবহ ক্ষতির সম্মুখিন হচ্ছি। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ করা গেলে মানুষের প্রাণ রক্ষার পাশাপাশি বিশাল অঙ্কের যে ব্যয় তা দিয়ে দেশের উন্নয়নে বড় ধরনের সহায়তা হতো।

গত বছর তৎকালীন র‌্যাব মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদ জানিয়েছিলেন, “দেশে ৭০ থেকে ৮০ লাখ মানুষ নিয়মিত মাদক সেবন করছে। এতে বছরে ১ লাখ কোটি টাকা বিনা কারণে খরচ হচ্ছে।” ১৬ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সোনালী স্বপ্ন অ্যাকাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশে মাদকের ব্যাপকতা বুঝাতে গিয়ে তিনি এ কথা বলেন।

এমবি