প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৯ সালের মধ্যে মেট্রো রেলের সুবিধা পাবে রাজধানীবাসী।
রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কাজের গতি আনতে বিভিন্ন মন্ত্রণালয়ে ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে আসেন শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবায় সবাইকে মনযোগী হওয়ার পরামর্শ দেন। এবং কাজে প্রতিযোগিতা গড়ে তোলার জন্য সবাইকে উদ্যোগী হওয়ার কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। এভাবে ধীরে ধীরে সব মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে।
যোগাযোগ খাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সারাদেশে এক হাজার ২৬৬ কিলোমিটার সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়াও নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক ব্যবস্থা জোরদার করার ব্যাপারে আলোচনা হচ্ছে।
ঢাকা, এমআর, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)





